Tuesday, 7 July 2026

বিকশিত ভারত ... ১


বিকশিত ভারত ... ১

●●●●●●●●●●●●●●


বায়ুচঞ্চলতা বাড়ছে | এতে দেশের ক্ষতি | ঠাকুর বলতেন, "জ্ঞানীর স্বভাব শান্ত |" মনঃসংযমের অভাবে চিত্ত চঞ্চল হয় | মনঃসংযমের অভাব পবিত্রতার অভাবে হয় | তাই অবতার আসেন পৃথিবীকে পূতসলিলে ধৌত করতে | নতুন ভাব, নতুন চিন্তা, কিন্তু সনাতন অভিপ্রায়, আদর্শ, দর্শন, লক্ষ্য | 


প্রযুক্তির উন্নতি ঘটছে আর সাথে সাথে মানুষের মানসিক অবনমন | তাই স্বামীজী বলেছিলেন এর সমাধান একমাত্র উন্নত জীবের জন্ম দেওয়া যার জন্য চাই সমাজজীবনে পবিত্রতা, বৈবাহিক শুদ্ধতা ও দাম্পত্যজীবনে খণ্ড ব্রহ্মচর্য পালন | তবেই কালে জনসমষ্টির গুণগত উৎকর্ষ সম্ভব যার ফলে আলোকপ্রাপ্ত নতুন সমাজ গঠিত হবে | 


বণিককুল একটিমাত্র বর্ণের প্রতিভূ | তাঁদের বৈশ্যত্ব যদি সর্বগ্রাসী হয় ত' সমাজের সামগ্রিক ক্ষতি | চতুর্বণের সামঞ্জস্য বিঘ্নিত হলেই সমাজের অবশ্যম্ভাবী অধঃপতন | তাই বর্তমান ভারতের সাংস্কৃতিক, নৈতিক তথা আধ্যাত্মিক ভয়ঙ্কর ক্ষতি হয়ে চলেছে এই বাণিজ্যিক আগ্রাসনের দ্বারা যা মূলত দায়ী এই জাতিগত ভোগকেন্দ্রিক অন্তঃসারশূণ্য লঘুচিত্ততার | এর ফলে ভারত সামগ্রিকভাবে বিকশিত ত' হবেই না, বরং গুণগতভাবে অবনত হবে ক্রমে | ২০৪৭ সালে যদি সত্যই ভারত বিকশিত হওয়ার স্বপ্ন দেখে, ত' ভারতবাসীকে বিপুল সংখ্যায় সত্বর ডুব দিতে হবে জ্ঞান-বিজ্ঞান-কলা-শিল্প-কাব্য-সাহিত্য-সঙ্গীত-সংস্কৃতির গভীরে | শুধু GDP বাড়িয়ে দেশ বিকশিত হয় না, হবে না---এ কথা রাষ্ট্রনেতানেত্রীদের স্মরণে রাখা উচিত | সমৃদ্ধি চাই বইকি | কিন্তু তা হতে হবে সামগ্রিক, মাত্র অর্থনৈতিক নয় | তৃতীয় রিপুর দ্বারা পরিচালিত ধনতন্ত্রের নিম্নগামী সংস্কৃতিকে বাদ দিয়ে জাতিগত স্বার্থে তাকে ব্যবহার করতে হবে দেশের সার্বিক উন্নয়নের | তবে হবে ভারত বিকশিত, সে যবেই হ'ক |


রচনা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment