Friday, 3 July 2026

ভাববার বিষয় ... ১




ভাববার বিষয় ... ১

●●●●●●●●●●●●●


দাসত্ববুদ্ধি দূর করুন | কি হবে স্বার্থপর অগঠিতচরিত্র নেতানেত্রীর অন্ধ অনুগামী হয়ে ? আর সাধুদেরই বা দাসত্ব করেন কেন ? নিজের সম্বন্ধে যথেষ্ট উন্নত ধারণা না থাকলেই এমন হয় | অর্থাৎ, আত্মবোধের অভাবেই এহেন অবস্থা | 


আত্মসংস্কার করুন, আত্মোন্নতি, চরিত্রগঠন যার দ্বারা এই হীনমন্যতা দূর হবে | এই হীনমন্যতার কারণেই সাধু, নেতানেত্রী, ক্রীড়াতারকা, চিত্রতারকা---এঁদের প্রতি এই দাসসুলভ মনোবৃত্তি | এতে না হবেন নিজে সংস্কৃত, না হবে দেশ উন্নত | 


যদি দেশের ভাল চান ত' যেমন স্বামীজী বলেছিলেন তেমন নিজের পায়ে দাঁড়ান | এ শুধু অর্থোপার্জনের পরিপ্রেক্ষিতে নয়, সামগ্রিকভাবে | 


ঠাকুর কি বলতেন ? মানুষ মানে মানহুঁশ | অর্থাৎ, আত্মসম্মানবোধ---আত্মম্ভরিতা নয়---এবং স্বরূপ সম্বন্ধে হুঁশ | 


স্বামীজী বলেছিলেন, "ইংরেজরা আনুগত্যের সমস্যাটি সমাধান করে ফেলেছে | Obedience without slavish cringing (দাসত্ববিহীন আনুগত্য)." 


স্বামীজী আজীবন পুরুষের মধ্যে পৌরুষ জাগ্রত করতে চেয়েছিলেন আর সর্বসাধারণের মধ্যে শক্তিসঞ্চার | পুরুষের মধ্যে মেয়েলি ভাব দুচক্ষে দেখতে পারতেন না, মানুষের দুর্বলতা দূর করার সর্বপ্রয়াস করতেন | তিনি চাইতেন হাবে ভাবে, চলনে বলনে, ভাষায় সাহিত্যে, সঙ্গীতে সংস্কৃতিতে, সর্ব কর্মে মহাশক্তির উদ্বোধন যাকে এক কথায় চিহ্নিত করেছিলেন ওই 'পৌরুষ' তথা 'manhood' শব্দপ্রয়োগে | 


দেখ্ না দেখ্ নেতানেত্রীর স্তাবকতা, মহারাজদের নৈশভোজের তথা জন্মদিবসে কেক কাটার আলোকচিত্র সমাজমাধ্যমে তুলে ধরা, অকারণ অতিপ্রশস্তি এঁদের, এসব কি ঠাকুর-স্বামীজীর যথার্থ অনুসরণের, অর্থাৎ, প্রকৃত মানুষ হওয়ার অঙ্গ বলে বিবেচ্য হবে তাহলে ? নাকি স্বীয়দুর্বলতার নির্লজ্জ প্রদর্শনই আজ অনুগমনের, অনুসরণের ও ভাবভক্তির পরাকাষ্ঠা বলে বিবেচিত হবে ?


রচনা : সুগত বসু (Sugata Bose)


আলোকচিত্রে তাঁরা যাঁরা যথার্থই প্রণম্য |

No comments:

Post a Comment