আবার আসিব ফিরে আমি
আবার আসিব ফিরে আমি
●●●●●●●●●●●●●●●●●●●
আবার আসিব ফিরে আমি |
এই ধরাধামে, এই পৃথ্বীতলে
আবার আসিব ফিরে আমি ||
সাধুসঙ্ঘের ঐশী শক্তি কমে যখন অধিক অর্থাগমে ঐহিক শক্তি বাড়ে | সামঞ্জস্য রাখা সহজ নয়, সমস্যা সঙ্গীন | তাই ঠাকুরের বিধান, 'টাকা মাটি, মাটি টাকা |' এটি এই বিষয়কলুষিত কালে যুগমন্ত্র---পালন করলে কল্যাণ, উল্লঙ্ঘনে বিনাশ |
বৈশ্যযুগে যখন বিষয় বিশ্বাধিপতি, তখন আবার অর্থই অনর্থের মূল | তাই ঠাকুরের সাবধানবাণী | কিন্তু শুনছে কে ?
যুগাবতার নিজযুগেই নিজ অবিদ্যামায়ার হাতে পরাস্ত হয়ে পুনরাবির্ভাবের আয়োজন করেন | কর্মচক্রের জটিল গণিত | উল্লঙ্ঘন করার উপায় নেই | ভগবান নিজলীলায় নিত্যনিমজ্জিত |
যখন অনুগামীরা হন মন্ত্রভ্রষ্ট, দিকভ্রান্ত, তখন ভগবান স্বয়ং আবার আসেন জগতকে অধ্যাত্মপথে প্রবুদ্ধ করতে, মহাশক্তির জাগরণে নবজীবনে সঞ্জীবিত করতে মানুষকে |
কত কষ্ট করেন তিনি নরকায় ধারণ করে আর কী অবলীলায় আমরা তাঁকে বারে বারে প্রত্যাখ্যান করি !
তাঁর অবতরণে সাময়িক কালের জন্য অন্তত আদর্শচ্যূত বিভ্রান্ত মানুষ নতুন করে বাঁচার শক্তি পায়, দিব্য আলোকে উদ্ভাসিত জীবনের অন্তিম লক্ষ্যাভিমুখে পুনঃ ধাবিত হয় |
সেই সময় আজ সমাগত | ঠাকুরের প্রতীক্ষায় আজ বহুজন | আসবেন কি তিনি তাঁর প্রতিশ্রুতি মত ? কারণ তিনি সত্যস্বরূপ হলেও ইচ্ছাময় | তাঁরই ত' বাণী, "কুইন নিজে আইন করতে পারেন, আবার নিজের আইন নিজেই ভাঙতে পারেন |" তাই শঙ্কা | আসবেন কি ? আসবেন না ?
রচনা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment