Monday, 3 August 2026

আমার বর্ণময় বন্ধুবর্গ

আমার বর্ণময় বন্ধুবর্গ

●●●●●●●●●●●●●●●


কিছু মানুষ আছেন যাঁরা বেঁকিয়ে বক্তব্য রাখেন | খোঁচা মারা এঁদের স্বভাব | এঁদের চিনে নিয়েছি | এঁরা মুক্তকন্ঠে প্রশংসা করতে পারেন না, বাঁকা বক্তব্যে পারদর্শী | এঁদের চিরতরে চিনে নিয়েছি | 


আর এক দল আছেন যাঁরা উদার, সরল, মানবিক কিন্তু তত গভীরে ভাবেন না | এঁরা রজোগুণী, জীবনে প্রতিষ্ঠিত, পরোপকারী কিন্তু, ওই যে বললাম, গভীর মননশীল নন যদিও মানবদরদী | 


তৃতীয় এক শ্রেণী আছেন যাঁরা প্রগতিশীলতা তথা মানবতার নাম করে আসলে রাজনৈতিক মতাদর্শগতভাবে একদেশদর্শী ও পরমত সম্বন্ধে অন্ধ অসহিষ্ণু সমালোচক, এক প্রকার বিদ্বেষী | এঁদের ভাষায় বিষোদ্গার, ভাবে বৈরিতা |


চতুর্থ থাকে আছেন বন্ধুবৎসল কিছু মানুষ যাঁরা ভুলেও আমার লেখা পড়েন না, পড়লে জানতে দেন না পড়েছেন বলে কারণ তাঁরা না করেন মন্তব্য না দেন কোনো প্রতিক্রিয়াচিহ্ন | এঁরা সাতেও নেই, পাঁচেও নেই | এঁরা সুখের পায়রা | 


এরপর আছেন যাঁরা মন দিয়ে পড়েন আমার লেখা, share করলে like দেন না, like দিলে comment করেন না, আবার comment করলেও like দেন  না | এঁরা optimal use of energy resourceএ বিশ্বাস করেন | এঁরা কিন্তু মননশীল মানুষ, বিদগ্ধ, উচ্চমনা, আদর্শনিষ্ঠ কিন্তু আধ্যাত্মিক প্রতিষ্ঠান আদর্শচ্যূত হলে নীরব থাকেন | 


আর এক শ্রেণী আছেন যাঁরা আশা করেন যে তাঁদের প্রতিবেদনগুলি লোকে পড়ুক, share করুক, তাঁদের নাম বাড়াক কিন্তু তাঁরা কারোর লেখাও পড়বেন না, মন্তব্যও করবেন না, সুবিধামত অবশ্য আত্মস্তুতিসূচক কোথাও কিছু বেড়োলে সে সব প্রতিবেদন নিজ প্রোফাইল ওয়ালে share করবেন | এতে আত্মগরিমা বৃদ্ধি পায় আর কি |


পরের শ্রেণী চিত্রপ্রেমীর দল | এঁরা চিত্র পরিদর্শনেই প্রণামচিহ্ন ও জয়ধ্বনি দিতে ব্যস্ত হয়ে পড়েন | এঁরা অহিংস পাঠক কিম্বা দর্শক | এঁরা কখনও আমার সাথে দুর্ব্যবহার করেন না | বরং আমার উৎসাহবর্ধন করেন যাতে আরও বেশি করে উৎকৃষ্ট সব ছবি দিই আমার লেখার সাথে | এঁরা নির্ভেজাল ভাল মানুষ |


সর্বশেষ শ্রেণী হলেন তাঁরা যাঁরা নিঃস্বার্থ পাঠক আমার, গুণমুগ্ধ ভক্ত, সময় করে প্রায় সকল পোস্ট পড়ার চেষ্টা করেন, like দেন ও কিছু কিছু পোস্ট shareও করেন | এঁদের মনোভাব ভাল | এঁরা নিরহঙ্কার, দরদী জন |


এই আমার বর্ণময় বন্ধুবর্গ |


রচনা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment